
মো আমিনুল ইসলাম
পিরোজপুর-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ আলী আকবর চুন্নু। আজ দুপুর ১টায় তিনি পিরোজপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
যদিও এখন পর্যন্ত পিরোজপুর-১ আসনে বিএনপি কেন্দ্রীয়ভাবে কোনো প্রার্থী চূড়ান্ত করেনি, তবে আলী আকবর চুন্নু মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি বলেন, দল যদি তাকে মনোনয়ন দেয় তিনি নির্বাচন করবেন, আর যদি না দেয় তবে ধানের শীষ যাকে দেওয়া হবে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
তিনি আরও বলেন, সবাই একসাথে কাজ করে পিরোজপুর-১ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ধানের শীষ উপহার দিতে চান। অতীতে পিরোজপুরের যারা সংসদ সদস্য কিংবা মন্ত্রী ছিলেন তারা অধিকাংশই সদর উপজেলার বাইরে থেকে নির্বাচিত হয়েছেন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এবার সদর উপজেলা থেকেই প্রার্থী ঘোষণা হতে পারে।
মনোনয়ন চূড়ান্ত না হলেও দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য রেখে মাঠে থাকার প্রত্যয় জানান এই বিএনপি নেতা।