প্রিন্ট এর তারিখঃ Jul 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 23, 2025 ইং
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে সিলেটে বিশাল মিছিল ও সমাবেশ

ফয়ছল আহমদ নুমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে এবং নবগঠিত যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতাদের অভিনন্দন জানিয়ে সিলেটে বিশাল ‘স্বাগত মিছিল’ ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান বক্তা ও বিশেষ অতিথিদের বক্তব্যে উঠে আসে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামীর প্রত্যাশা। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন— জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই বাংলাদেশের হারানো গণতন্ত্রের পূর্ণজাগরণ ঘটবে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বেই দেশে ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র হিসেবে সামনের দিকে এগিয়ে যাবে।” বক্তারা আরও বলেন, সাম্য ও মানবিক বাংলাদেশ বির্নিমাণে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে নবগঠিত যুক্তরাজ্য বিএনপির কমিটিতে সিলেটের দুই কৃতি সন্তান আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং খছরুজ্জামান খছরুকে সদস্য সচিব মনোনীত করায় তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, প্রবাসে বিএনপির এই নতুন নেতৃত্ব দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে এবং প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিছিল ও সমাবেশে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীদের মুখে তারেক রহমানের আগমনী বার্তা ও বিভিন্ন দলীয় স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।