
গাজী মাহমুদ পারভেজ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় কিস্তির চাপ ও পারিবারিক মানসিক টানাপোড়েনের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামে সংঘটিত হয়েছে।
নিহত গৃহবধূর নাম জিলহজ আক্তার (২৮)। তিনি কুমিল্লা জেলার চাঁনদিনা উপজেলার পরচঙ্গা গ্রামের মজিবুর রহমানের মেয়ে। তিনি স্বামী ও তিন সন্তান নিয়ে পুরান বাউশিয়া গ্রামে আব্দুল হাসানের ভাড়া বাসায় বসবাস করছিলেন।
নিহতের স্বামী কামরুল ইসলাম (৩৫) পেশায় একজন বাবুর্চি। তিনি কুমিল্লার চাঁনদিনা উপজেলার বড় বাড়েরা গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র এক সপ্তাহ আগে স্ত্রী ও সন্তানদের নিয়ে গজারিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। দম্পতির তিন সন্তান—দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন এনজিও ও ব্যক্তিগত ঋণের কিস্তি পরিশোধ নিয়ে পরিবারটিতে মানসিক চাপ চলছিল। এর সঙ্গে পারিবারিক নানা টানাপোড়েন যোগ হয়ে নিহত গৃহবধূ মানসিকভাবে ভেঙে পড়েন বলে দাবি স্বজনদের। ঘটনার দিন তিনি সবার অগোচরে আত্মহত্যার পথ বেছে নেন।
খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ ঘটনায় তিন সন্তানের জননী এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রতিবেশী ও স্বজনদের মাঝে গভীর বেদনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, কিস্তির অতিরিক্ত চাপ ও পারিবারিক সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও মানবিক ভূমিকা প্রয়োজন।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: হাসান আলী বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।