প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 21, 2025 ইং
লোহাগাড়ায় মুহিব হামলা মামলার প্রধান আসামি আটক, অভিযানে আহত পুলিশ সদস্য

মনির আহমদ আজাদ
লোহাগাড়ায় জুলাই শহীদ ইশমামের বড়ভাই মোহাম্মদ মুহিবের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী মিনহাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আসামিকে ধরতে গেলে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, গতো শনিবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার বটতলী এলাকায় মোহাম্মদ মুহিবের ওপর সন্ত্রাসী হামলা চালায় মিনহাজ ও তার সহযোগীরা। হামলায় মুহিব গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ অভিযানে নামে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়ার বড়হাতিয়ায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মিনহাজকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় সে পালানোর চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশের এক সদস্য আহত হন। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মিনহাজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আর না ঘটে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।