
মনির আহমদ আজাদ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনে ‘জুলাই শহীদ’ ইশমামের বড়ভাই মুহিবের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (আজ) সন্ধ্যায় বটতলী শহরের ব্যস্ত এলাকা ইনসাফ হোটেলের সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে মুহিব বটতলী মোটর স্টেশন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলার পর স্থানীয়রা আহত মুহিবকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বা একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয় বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মুহিব ‘জুলাই শহীদ’ ইশমামের বড়ভাই হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই হামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ জানতে তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলার পেছনে কী কারণ রয়েছে এবং কারা জড়িত—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে বলে জানিয়েছে।