প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 18, 2025 ইং
বরিশালে র্যাবের অভিযানে স্বর্ণ লুটের মূলহোতা গ্রেপ্তার

সাদ্দাম
বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত চেতনানাশক পাউডার ব্যবহার করে স্বর্ণ ও টাকা লুটের ঘটনার মূলহোতা নাসির গাজী (৩৭) কে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে র্যাব-৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত এক ই-মেইল বার্তায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত নাসির গাজী পটুয়াখালীর সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা এবং রহিম গাজীর ছেলে।
র্যাব-৮ এর সদর কোম্পানি ও সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি চৌকস দল বুধবার বিশেষ অভিযান পরিচালনা করে পটুয়াখালীর শ্রীরামপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মামলার বিবরণে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সকাল ছয়টার দিকে ভিকটিম তাহমিনা ডেইজি সকালে হাঁটতে বের হলে বরিশাল কোতোয়ালি থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের পুরাতন কালভার্ট সংলগ্ন রাস্তায় অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাকে ‘মা’ বলে ডেকে সাহায্যের কথা জানায়। একপর্যায়ে তারা কৌশলে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত চেতনানাশক পাউডার ব্যবহার করে ভিকটিমকে হিপনোটাইজ করে।
চেতনানাশক অবস্থায় ভিকটিম নিজ বাসায় ফিরে গিয়ে ঘরে সংরক্ষিত ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা বের করে বাসার বাইরে অপেক্ষমাণ অভিযুক্তদের হাতে তুলে দেন।
ঘটনার পর ভিকটিমের ছেলে বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তারকৃত নাসির গাজীর নেতৃত্বেই এ ঘটনা সংঘটিত হয়েছে মর্মে নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তারের জন্য র্যাব-৮ এর অধিনায়কের বরাবর আবেদন করেন।
এরই প্রেক্ষিতে র্যাব-৮ এর আভিযানিক দল অভিযান চালিয়ে স্বর্ণ লুটের মূলহোতা নাসির গাজীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত নাসির গাজীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় সোপর্দ করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।