
মনির আহমদ আজাদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটির নেতারা। এ আসনে এখন পর্যন্ত এটিই প্রথম কোনো প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের ঘটনা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার তথা সহকারি রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান-এর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। চট্টগ্রাম–১৫ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও প্যানেল স্পিকার, জননেতা শাহজাহান চৌধুরীর জন্য এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে দলীয় একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম–১৫ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। জনগণের সেই প্রত্যাশা পূরণে একজন যোগ্য, অভিজ্ঞ ও জনসম্পৃক্ত নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সে বিবেচনায় সাবেক সংসদ সদস্য ও প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরীকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। নেতারা আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে এ আসনের জনগণ ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক রাজনীতির পক্ষে তাদের রায় দেবে। চট্টগ্রাম–১৫ আসনকে উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচারের পথে এগিয়ে নিতে শাহজাহান চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মনোনয়ন ফরম সংগ্রহকালে দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে উপস্থিত ছিলেন। নেতারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয়ভাবে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ নির্বাচনী কার্যক্রম অব্যাহত থাকবে।