
স্টাফ রিপোর্টার, পীরগঞ্জ (রংপুর) রংপুরের পীরগঞ্জে মিশুক চালক নুরুল ইসলাম হত্যাকাণ্ডের জট খুলতে শুরু করেছে। ভাড়ার কথা বলে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যার পর মিশুক ছিনতাইয়ের ঘটনায় জড়িত চার যুবককে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলো:
মামলার বিবরণে জানা যায়, গত ১৩ ডিসেম্বর রাতে চতরা ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের মিশুক চালক নুরুল ইসলামকে যাত্রী সেজে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চক্র। এরপর নির্জন স্থানে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে তার উপার্জনের একমাত্র অবলম্বন মিশুকটি ছিনতাই করে চম্পট দেয় খুনিরা। ঘটনার পরদিন ১৪ ডিসেম্বর বড় আলমপুর ইউনিয়নের মোক্তাগাড়ী গ্রামের এক নির্জন মাঠ থেকে নুরুল ইসলামের নিথর দেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ছেলে রায়হান বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৪) দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আহসান হাবিব জানান, "হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ আসামিদের শনাক্ত করতে তৎপর ছিল। অভিযানে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মূল রহস্য উদঘাটন এবং ছিনতাই হওয়া মিশুকটি উদ্ধারের জন্য আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।"
পীরগঞ্জ থানার এই দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এলেও ছিনতাই হওয়া অটো ভ্যানটি দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় চালক সমাজ।