প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
উইজডম অ্যাটায়ার্সে পুলিশের অভিযান, সেলিম ওসমানের সন্ধান মেলেনি

মোঃ রাতুল হাসান লিমন
জুলাই মাসের হত্যাকাণ্ডসংক্রান্ত একাধিক মামলার আসামি নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমানকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার মালিকানাধীন একটি কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ফতুল্লার উইজডম অ্যাটায়ার্স লিমিটেড কারখানায় ফতুল্লা মডেল থানার একটি দল এই অভিযান পরিচালনা করে। তবে অভিযানের সময় সেখানে সেলিম ওসমানকে পাওয়া যায়নি।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, সেলিম ওসমানের অবস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকায় যাচাইয়ের অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়।
তিনি বলেন, “কয়েকদিন ধরে গুঞ্জন ছিল যে তিনি নারায়ণগঞ্জে অবস্থান করছেন এবং মাঝে মাঝে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন। যদিও আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী এসব তথ্য নিশ্চিত নয়। তারপরও আলোচনার ভিত্তিতে হঠাৎ অভিযান চালানো হয়। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি।”
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সেলিম ওসমান বর্তমানে দেশেই রয়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং তিনি আত্মগোপনে আছেন। তার অবস্থান নিশ্চিত করা গেলে দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় একাধিক হত্যা মামলা দায়ের হয়। এসব ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
সেই সময়ের বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজে শামীম ওসমানসহ তার পরিবারের একাধিক সদস্য এবং রাজনৈতিক সহযোগীদের উপস্থিতি দেখা যায় বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে।
গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শামীম ওসমানসহ পরিবারের অনেক সদস্য আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশের বাইরে পালিয়েছেন বলেও নানা সময়ে দাবি উঠেছে।
তবে সেলিম ওসমান শুরু থেকেই দেশে রয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। সরকার পতনের পর আত্মগোপনে থেকেই তিনি ব্যবসায়ী সংগঠন বিকেএমইএ থেকে পদত্যাগপত্র পাঠান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়, তিনি নারায়ণগঞ্জে এক রাজনৈতিক নেতার আশ্রয়ে থেকে নিয়মিত তার ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত করছেন। ওই পোস্টের পর তার গ্রেপ্তারের দাবিতে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও জোরালো হয়।
এ বিষয়ে পুলিশ বলছে, যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।