প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 15, 2025 ইং
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে বিজিবি’র বিদেশি পিস্তল,ম্যাগজিন ও রাউন্ড গুলি উদ্ধার

মোহাঃ হারুন অর রশিদ
চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্ত থেকে ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগজিন ও
২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্ত থেকে বাংলাদেশের এক কিলোমিটার অভ্যন্তরে বিদেশি অস্ত্র ও গোলাবারুদের এই চালান উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আজ সোমবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুর সীমান্ত থেকে মোটরসাইকেলে আসা দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দেয় বিজিবি’র টহল দল। হঠাৎ বাঁধা পেয়ে চালক মোটরসাইকেলটি দ্রুত বাঁক ঘুরিয়ে পালানোর সময় একটি ব্যাগ পড়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ব্যাগের ভেতরে থাকা পলিথিনে মোড়ানো অবস্থায় ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুষ্কৃতিকারীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র প্রবেশ করিয়ে দেশের অভ্যন্তরে বড় ধরণের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল। অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধারের কারনে তাদের পরিকল্পনা ভেস্তে গেছে। নাশকতা ঠেকাতে সীমান্তে বিজিবি’র টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।