
শহরের প্রাণকেন্দ্র কাঠালতলী মোড়ের গেঞ্জির মিল এলাকায় এক ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় মোতালেব (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব রানীনগর উপজেলার খট্টেশর গ্রামের বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই মোতালেব প্রাণ হারান। এ সময় আরও তিনজন পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।