
মোঃ আবুসুফিয়ান তালুকদার
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাক্ষনগাতী গ্রামে পারিবারিক বিরোধের জেরে সালিসি বৈঠকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে আহত হয়ে হারান আলী শেখ (৫৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আবেদ আলীর ছেলে।
বুধবার বিকালে হারান আলী শেখের মেয়ে শাপলা খাতুন ও জামাই আবুল কালামের পারিবারিক বিরোধ মীমাংসার জন্য সালিসি বৈঠক বসে। বৈঠকের এক পর্যায়ে আবুল কালামের পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ করেছেন নিহতের ছেলে ইকবাল হোসেন।
ইকবাল জানান, হামলায় তিনি নিজে, তার বাবা হারান আলী, মা মরিয়ম বেগম, ভাগ্নে আলামিন এবং বোন শাপলা গুরুতর আহত হন। তাদের মধ্যে হারান আলীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, “পারিবারিক বিরোধ
মীমাংসার জন্য বৈঠকে বসা হয়েছিল। কিন্তু বৈঠকের শেষ দিকে মেয়ে জামাইয়ের
পরিবারের লোকজন হামলা চালিয়ে হারান আলীকে পিটিয়ে হত্যা করে। রাতেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।”
সিরাজগঞ্জ সদর থানার এসআই সোহাগ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের
কাছে হস্তান্তর করা হবে।”