
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান; জব্দ মাছ এতিমখানা এবং অসহায় মানুষের মাঝে
বিতরণ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় বড় ধরনের জাটকা পরিবহনের
চেষ্টা ব্যর্থ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। প্রতিষ্ঠানটি জানায়, প্রায় ১০ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া
কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ৯ ডিসেম্বর রাত ১১টার দিকে পাগলা স্টেশনের একটি দল গোপন সংবাদ পাওয়ার পর কাঁচপুর ব্রিজ এলাকায় অভিযান চালায়। সন্দেহজনক একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করলে ভেতর থেকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের বিশাল পরিমাণ জাটকা পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাটকা জব্দের পর মুচলেকা নিয়ে গাড়ির চালক ও সহকারীকে কাভার্ডভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।
পরে জব্দকৃত মাছ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।