
মোঃ রাতুল হাসান লিমন
স্বৈরাচার পরবর্তী দুরবস্থা কাটিয়ে নৌ ও শ্রমখাতে সংস্কারের অগ্রগতি দাবি—নারায়ণগঞ্জে সাখাওয়াত হোসেন।
নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, স্বৈরশাসনের পতনের পর দেশ নানা দিক থেকে ভেঙে পড়েছিল। সেই কঠিন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে প্রতিটি খাতে পুনর্গঠন শুরু করেছে
এবং সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কর্ণফুলী শিপ বিল্ডার্সে নির্মাণাধীন জাহাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, “নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে নানা সংকটে ছিল। দায়িত্ব
নেওয়ার পর শ্রমিক অসন্তোষ কমাতে এবং খাতটিকে স্থিতিশীল করতে আমরা দ্রুত কাজ করেছি। আর সবচেয়ে কঠিন কাজ ছিল নদী দখলমুক্ত করা। দখলদারদের চাপে নদী তার স্বাভাবিক প্রবাহ হারাচ্ছিল। এখন পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আমরা কাজ করছি। নির্বাচন প্রক্রিয়া নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই।”
এ সময় গুম-সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তাদের জন্য বিশেষ
কারাগার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, নারায়ণগঞ্জ
জেলা প্রশাসক মো. রায়হান কবীর, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি এবং বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।