
মোঃ আঃ হাইসিদ্দিক
আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস ২০২৫ উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের
আয়োজন করা হয়।উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার
সেলিম আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পাঁচবিবি ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো: শারিয়ার হোসেন।
বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসম্পৃক্ততা অত্যন্ত জরুরি। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নৈতিকতা ও মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।
তারা আরও বলেন, সরকারের দুর্নীতি প্রতিরোধমূলক উদ্যোগ ও আইনগত কঠোরতার সঙ্গে জনগণের সহযোগিতা যুক্ত হলে সেবা নিশ্চিতকরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।