প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 11, 2025 ইং
জলঢাকায় জমি দখলকে কেন্দ্র করে স্কুলঘরে আগুন, নারীসহ আহত ২

তহমিদার রহমান মিলন, জলঢাকা প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় জমি-দখল ও স্কুলঘর নির্মাণকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২০ নভেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৩টার দিকে উপজেলার উত্তর দেশীবাই (মাদ্রাসাপাড়া) এলাকায়। ভুক্তভোগী মোঃ সাইফুল ইসলাম অভিযোগ করে জানান, পিতার ভোগদখলীয় দাগ নং ৩০২১-এর ৩৬ শতকের মধ্যে ০৯ শতাংশ জমিতে বিবাদী মোঃ জাহেদুল ইসলাম স্কুলঘর নির্মাণের আশ্বাস দেন। অন্যত্র জমি দেওয়ার প্রতিশ্রুতিতে সাইফুল নিজের খরচে স্কুলঘর নির্মাণ করেন। কিন্তু পরে প্রতিশ্রুতি ভঙ্গ করে জবরদখলের মাধ্যমে স্কুলঘরসহ জমি দখলে রাখে জাহেদুল। অভিযোগে আরও বলা হয়, স্কুলের কার্যক্রম বন্ধ থাকায় ভুক্তভোগী জমি ফেরত চাইলে বিবাদীরা উল্টো স্কুলঘরে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয়। হুমকির পরদিন বিকেলে বিবাদী ১–৪ গ্যাস লাইট ব্যবহার করে স্কুলঘরে আগুন ধরিয়ে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি করে। আগুন নেভাতে গেলে বিবাদীরা ধারালো ছোরা, রড, লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় অভিযোগকারী সাইফুল ও তার ভাবী মোছাঃ রাশিদা বেগম গুরুতর আহত হন। রাশিদাকে রড দিয়ে মাথা, বুক ও পেটে আঘাত করা হয়, তার শাড়ি-ব্লাউজ টেনে ছিঁড়ে শ্লীলতাহানি ঘটানো হয়। এছাড়া রাশিদার গলায় থাকা সাড়ে পাঁচ আনার ওজনের স্বর্ণের চেইন (মূল্য ৫৬ হাজার টাকা) ছিনিয়ে নেওয়া হয়। এসময় তাদের চিৎকারে স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান, আবু সাইয়েদ ও আফজাল হোসেনসহ অনেকে এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। হামলাকারীরা প্রকাশ্যে অস্ত্রসহ ভুক্তভোগীদের হত্যা ও গুমের হুমকি দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সাইফুল ৯৯৯-এ ফোন করে পুলিশী সহায়তা চান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনায় সাইফুল ইসলাম পরবর্তীতে জলঢাকা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। পুলিশ বিষয়টি যাচাই–বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।