প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 11, 2025 ইং
রাবিপ্রবিতে দ্রুত উন্নয়ন প্রকল্প শেষ করার দাবিতে মানববন্ধন

Aditya Chowdhury
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা ও অনিশ্চয়তার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে মাঠে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সংবাদের গুরুত্বপূর্ণ লাইনঃ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের 'বিজয় স্মৃতিস্তম্ভ' চত্বরে শিক্ষার্থীরা মানববন্ধন করে চলমান উন্নয়নকাজ দ্রুত সম্পন্নের দাবি জানান।
বক্তারা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৫ বছর পার হলেও শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত পরিবহন সুবিধা নাই, আধুনিক ল্যাবের অভাবসহ অনেক সমস্যার কোনও সমাধান হয়নি।
এসময় তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল—‘দ্রুত উন্নয়ন কাজ শেষ করুন’ ‘রাবিপ্রবি আমাদের অধিকার, আমরা শিক্ষাবান্ধব ক্যাম্পাস চাই’।
ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ইফতেখার বলেন, "১৫ বছরেও শ্রেণিকক্ষ সংকট কাটেনি। উন্নয়ন কাজে বাধা দেওয়া হচ্ছে। এটি ছাত্র সমাজ আর মেনে নেবে না।"
ফিশারিজ বিভাগের উম্মে সালমা লাবণ্য বলেন, "যেসব অজুহাতে কাজ থামানো হচ্ছে তা অযৌক্তিক। উন্নয়নকে আটকে রেখে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় রাখা হচ্ছে।"
ফিশারিজ বিভাগের জেমি বড়ুয়া বলেন, "পাহাড়ের এমন একটি প্রতিষ্ঠান দেখান, যেটি পাহাড় না কেটে নির্মাণ করা হয়েছে? তিনি বন ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমাধানমুখী পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে বলেন, দীর্ঘসূত্রতা আর বরদাশত করা হবে না।"
এ পরিস্থিতির জন্য প্রশাসন দ্রুত সিদ্ধান্ত না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।