
শরিফুল ইসলামদেশমাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় বগুড়ার গাবতলীতে বিশাল দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নশিপুর ইউনিয়ন নির্বাচনী কমিটির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে গাবতলী-শাজাহানপুরের হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। “গাবতলীর পুত্রবধূ” হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে উপস্থিত নেতাকর্মীরা তাঁর আশু রোগমুক্তি কামনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের নির্বাচন পরিচালনা সমন্বয়কারী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ মো. হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি দোয়া মাহফিলে বক্তব্যকালে বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গোটা বাংলাদেশের মা। গাবতলীর মানুষের কাছে তিনি পুত্রবধূ। আজ এই মাঠ ভর্তি মানুষ তাঁর জন্য দোয়া করছে, এটাই প্রমাণ করে তিনি জনি মানুষের হৃদয়ে কতটা গেঁথে আছেন। আল্লাহ তাঁকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিক।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া ও মোনাজাতে দেশমাতা বেগম খালেদা জিয়াসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
উল্লেখ্য, গাবতলীবাসী দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়াকে “গাবতলীর পুত্রবধূ” বলে গর্বের সঙ্গে সম্বোধন করে আসছেন। তাঁর অসুস্থতার খবরে এলাকায় শুরু থেকেই দোয়া-মাহফিলের আয়োজন অব্যাহত রয়েছে। আজকের এই বিশাল জনসমাগম সেই ভালোবাসারই
আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।