
মোঃ রাতুল হাসান লিমন
নারায়ণগঞ্জে চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি বলেন,
“জেলায় অবৈধ অস্ত্রধারী বা চাঁদাবাজদের জন্য কোনও জায়গা নেই। একের পর এক অস্ত্র জব্দ হচ্ছে, মাদক ব্যবসায়ীরাও ধরা পড়ছে। আইন প্রয়োগে কোনও ধরনের গাফিলতি
আমরা হতে দেব না। পুলিশ সবসময় জনগণের পাশে আছে।”
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ট্রাফিক পরিস্থিতি সম্পর্কে পুলিশ সুপার আরও বলেন,
“এই শহরের সবচেয়ে বড় সংকট ট্রাফিক। শুধু পুলিশের পক্ষে এ সমস্যা পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও সড়ক বিভাগের সমন্বিত উদ্যোগ ছাড়া দীর্ঘমেয়াদি সমাধান পাওয়া যাবে না।”
তিনি আরও জানান, স্থানীয় কর্মকর্তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী করা হবে। সামনে আসন্ন নির্বাচনকে ঘিরে সকলের সহযোগিতার প্রত্যাশা করেন পুলিশ সুপার।