
বরিশালে এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান ও সিনিয়র সাংবাদিক ফিরোজ মোস্তফা এক পুলিশ সদস্যের হামলায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর গোড়াচাঁদ রোড এলাকায় এশিয়ান টেলিভিশনের ব্যুরো কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হামলাকারী পুলিশ সদস্যের নাম নাবিদ আনজুম, যিনি আমানতগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত।
সহকর্মীরা জানান, ফিরোজ মোস্তফার সঙ্গে পূর্বশত্রুতার জেরে পুলিশ সদস্য আনজুম রাতের অন্ধকারে অফিসে ঢুকে অতর্কিতে আক্রমণ চালায়। হামলার সময় সে হাতুড়ি ও ধারালো অস্ত্র ব্যবহার করে ফিরোজ মোস্তফাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
আহত ফিরোজ মোস্তফা বলেন,
“আনজুম আমার ভাড়া করা ফ্ল্যাটটি অফিস বানাতে জোরপূর্বক ছাড়ার জন্য চাপ দিচ্ছিল। বিভিন্নভাবে হুমকি দিত। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।”
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুনুল ইসলাম জানান,
“ঘটনার পরপরই পুলিশ সদস্য আনজুমকে আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, ফিরোজ মোস্তফা দীর্ঘদিন ধরে বরিশালে সাংবাদিকতা করছেন। তিনি এর আগে জনপ্রিয় ইসলামিক টিভির বরিশাল প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিক ফিরোজ মোস্তফার ওপর হামলার ঘটনায় বরিশালের কর্মরত সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।