
সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজাকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার বিকেল ৫টার দিকে কাজিপুর উপজেলা চৌরাস্তায় স্থানীয় জনগণের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করে।
সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে
বক্তব্য রাখেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী সেলিম রেজা, এসময় তিনি বলেন, কাজিপুরবাসীর দোয়া ও ভালোবাসার সঙ্গে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পুরস্কার হিসেবে দল আমাকে এবার এমপি পদে মনোনয়ন দিয়েছে। এজন্য বিএনপির হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞ। এছাড়া এই আসনের আপামর জনগণকে ধন্যবাদ জানাই।
দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমার সঙ্গে জেলার নেতা নাজমুল হাসান তালুকদার রানা ও দেশের নামকরা শিল্পী কনকচাঁপা ছিলেন। সব বিষয় বিবেচনায় নিয়ে দল আমাকে মনোনয়ন দিয়েছে। এখন আর কোনো বিভেদ নেই। সবাই একসাথে নির্বাচনের মাঠে কাজ করবো। তবেই ৫৪ বছরের কাজিপুরের ইতিহাস পাল্টানো সম্ভব হবে।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিজয় নিশ্চিত করতে হলে আপনারা সবাই যে যার অবস্থান থেকে ‘ধানের শীষ’ প্রতীককে ভোটে সমর্থন করার জন্য মাঠে নামবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালাম।
সংবর্ধনায় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলা দলের পক্ষ থেকে সেলিম রেজাকে ফুল দিয়ে বরণ করা হয়।