প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 7, 2025 ইং
আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না

সুমন আহমদ খান
সিলেট নগরে রাত সাড়ে ৯টার পর সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না এ নির্দেশ আজ রোববার (৭ ডিসেম্বর) থেকে কার্যকর হচ্ছে। হোটেল-রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া বাকি সব মার্কেট ও দোকানপাট রাত ৯টা ৩০ মিনিটের মধ্যেই বন্ধ করতে হবে।
গত ১ ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয় নগরের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজট কমাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া নগরের সব মার্কেট ও শপিং মলে নিজস্ব পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নকশায় পার্কিং স্পেস থাকলেও তা দোকানে রূপান্তর করা হয়েছে এসব জায়গা ৩১ ডিসেম্বরের মধ্যে পার্কিংয়ের জন্য উন্মুক্ত করতে হবে।
এর আগেও সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে একই ধরনের নির্দেশনা কয়েক দফায় বাস্তবায়নের চেষ্টা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি কঠোরভাবে তদারকি করবে বলে জানানো হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।