প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 6, 2025 ইং
নির্বাচনী মাঠে কামরুজ্জামান রতনের শক্তিশালী প্রত্যাবর্তন

গাজী মাহমুদ পারভেজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান রতন আজ দেখালেন নজিরবিহীন শক্তিমত্তা। কয়েক হাজার মোটরসাইকেল, ট্রাক ও বিভিন্ন যানবাহনের বহর নিয়ে তিনি শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশজুড়ে দুর্দান্ত শোডাউন করেন। এলাকাজুড়ে সৃষ্টি হয় জনসমুদ্র, নেতাকর্মীদের ভিড়ে মহাসড়ক পরিণত হয় উৎসবমুখর রাজনৈতিক প্রদর্শনীস্থলে।
সকাল থেকেই গজারিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ বহর নিয়ে শোডাউনে যোগ দিতে আসতে থাকেন। দুপুর নাগাদ মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে লম্বা সারি গড়ে ওঠে। দলীয় পতাকা, ফেস্টুন, ব্যানার ও স্লোগানে মুখর মহাসড়ক এক পর্যায়ে পরিণত হয় গণজোয়ারে।
শোডাউনে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ রতনের প্রতি তাদের আস্থা ও জনগণের সমর্থনের এই ঢলকে “পরিবর্তনের বার্তা” আখ্যা দিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন বলেন,“আজকের এই জনসমুদ্র রাজনীতির ভাষায় স্পষ্ট বার্তা গজারিয়া পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম একমাত্র কামরুজ্জামান রতন।” জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির প্রভাবশালী নেতা রফিকুল ইসলাম ভিপি মাসুম বলেন,“রতনের সাহেবের প্রতি জনগণের যে আস্থা আমরা আজ দেখলাম, তা এই আসনে নির্বাচনী কাঠামো পাল্টে দেবে। জনগণের ঢলই আমাদের শক্তি।” জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য দলীয় নেতা মো. ইসহাক আলী বলেন,“এত বড় শোডাউন আমাদের দীর্ঘদিনের সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ। এই জনসমর্থনই প্রমাণ করে রতনই জনগণের প্রকৃত প্রার্থী।” জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মুহাম্মদ মাসুদ ফারুক বলেন,“গজারিয়ার মানুষ আজ রতনকে ভালোবাসায় সিক্ত করেছে। জনগণের প্রত্যাশাই আজ নতুন রাজনৈতিক বাস্তবতা।” জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না বলেন,“এই শোডাউন শুধু শক্তির প্রদর্শন নয়, এটি জনগণের নির্বাচনপূর্ব গণরায়। যুবসমাজ রতনের পাশে আছে, থাকবে।” উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন বলেন,“তরুণরা রতনের নেতৃত্বে পরিবর্তনের স্বপ্ন দেখছে। আজকের অংশগ্রহণ তারই প্রমাণ।” গজারিয়া থানা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার বলেন,“আজকের এই গণজোয়ার দেখিয়ে দিয়েছে গজারিয়া রতনের হাতেই নিরাপদ। জনগণই রায় দিয়ে দিয়েছে।” যুবদল নেতা জালাল উদ্দিন রিমু বলেন, “রতনকে বরণ করতে যে অভূতপূর্ব জনসমাগম হয়েছে, তা আগামী দিনের রাজনীতিতে বিরাট ভূমিকা রাখবে।”
শোডাউন শেষে বিএনপির মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান রতন বলেন, “আজ গজারিয়া যে ভালোবাসা আমাকে দেখিয়েছে, তা শুধু এক প্রার্থীর প্রতি সমর্থন নয় এটি জনগণের পরিবর্তনের দৃঢ় অঙ্গীকার। আপনাদের এই বিশ্বাসই আমার শক্তি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলে গজারিয়া ও মুন্সীগঞ্জ সরদরের উন্নয়ন, মানুষের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে কখনো পিছপা হব না।
গজারিয়ার মানুষ জেগে উঠেছে, আর এই জাগরণই আগামী দিনের বিজয় নির্ধারণ করবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এত বড় শোডাউন সাম্প্রতিক সময়ে গজারিয়ায় বিরল। তারা বলছেন, “এই শক্তি প্রদর্শন আসন্ন নির্বাচনে বিএনপির অবস্থানকে দৃঢ় করবে এবং প্রতিদ্বন্দ্বিতাকে আরও উত্তপ্ত করে তুলবে।”
মুন্সিগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতনের এই বিশাল শোডাউন নির্বাচনী অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যা অনেকের মতে এলাকায় রাজনৈতিক শক্তির পালাবদলের স্পষ্ট ইঙ্গিত।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।