প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 4, 2025 ইং
প্রতিবন্ধীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

সুমন আহমদ খান
সিলেটে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। বুধবার দুপুরে কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ, আর্ট এক্সিবিশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ বলেন, প্রতিবন্ধীরা রাষ্ট্রের বোঝা নয়, বরং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি হিসেবে তাদের অনুকূল পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সঠিক পরিচর্যা ও সহায়তা পেলে তারাও জাতীয় অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। আরও বক্তব্য দেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান শামসু ও সাংবাদিক আফতাব চৌধুরী। স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক।
অনুষ্ঠানে সিলেট জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৬ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।