প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 4, 2025 ইং
মাদারীপুরে জমি দখল ও গাছ কাটার অভিযোগ

হাবিবুর রহমান সুমন : স্টাফ রিপোর্টার মাদারীপুর জেলা
মাদারীপুর সদর উপজেলার পশ্চিম শ্রীনাথদী এলাকায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, সীমানা বেড়া ভেঙে ফেলা এবং মূল্যবান ফলগাছ কেটে ফেলার অভিযোগ করেছেন ভুক্তভোগী মোঃ শরিফুল শিকদার (৩৪)।
অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ভোগদখল করা জমিটি বিবাদী চিনু শিকদার, বাচ্চু শিকদার (সাবেক সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ—ঢাকা মহানগর দক্ষিণ; সাবেক সভাপতি, কেন্দুয়া ইউনিয়ন কৃষক লীগ) এবং ফেরদাউস শিকদার গং নিজেদের দাবি করে দখলের চেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, গত ২ ডিসেম্বর সকাল ৬টায় শরিফুল শিকদারের অনুপস্থিতিতে বিবাদীরা বিরোধীয় জমিতে প্রবেশ করে সীমানা বেড়া ভেঙে ফেলে এবং একাধিক ফলগাছ কেটে ফেলে দখলের চেষ্টা চালায়। পরে শরিফুল ঘটনাস্থলে গেলে তাকে এবং তার পরিবারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
ঘটনার পর শরিফুল শিকদার সাক্ষীদের নিয়ে মাদারীপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং গুরুত্বসহকারে তদন্ত শুরু করা হয়েছে। তিনি বলেন, “আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় নজরদারি চলছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।