প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

মিয়া সুলেমানপ্রজ্ঞাপিত নিয়োগবিধি ২০২৪ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ–অধিভুক্ত পরিবার পরিকল্পনা অধিদফতর (DGFP)-এর তিন গুরুত্বপূর্ণ ক্যাডার—পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA)—সারাদেশে কর্মবিরতি শুরু করেছেন।
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ময়মনসিংহের ইশ্বরগঞ্জসহ দেশের বিভিন্ন উপজেলায় ইতোমধ্যে এই তিন ক্যাডারের চাকরিজীবীরা ঘোষণা অনুযায়ী কর্মবিরতি পালন করছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ তিন ক্যাডারের কার্যক্রম নির্বিঘ্নে চালানোর লক্ষ্যে নতুন নিয়োগবিধি প্রণয়ন করা হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এতে মাঠপর্যায়ে কর্মরত প্রায় ৮ হাজার FWV, ৮ হাজার FPI, এবং ২৫ হাজার FWA
নিরবচ্ছিন্ন সেবা প্রদান করেও বৈষম্যের শিকার হচ্ছেন।
তাদের অভিযোগ, জন্মনিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, নববিবাহিত দম্পতি সেবা,
মা–শিশু স্বাস্থ্যসেবা, জরুরি পরিস্থিতিতে ২৪/৭ মাঠসেবা দেওয়ার পরও পদোন্নতি, বেতনগ্রেড ও পেশাগত স্বীকৃতি নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।
বক্তারা আরও জানান, সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ২০১৮–২১ সালের
তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিস্তৃত সংস্কারকাজে এই তিন ক্যাডারকে অন্তর্ভুক্ত করা হলেও ২০২৪ সালের প্রজ্ঞাপিত নিয়োগবিধি আজও বাস্তবায়িত হয়নি। এতে
হাজার হাজার কর্মকর্তা–কর্মচারীর কর্মজীবন স্থবির হয়ে আছে।
স্বাস্থ্যসেবার অন্যতম বৃহৎ তিন ক্যাডার একত্রিত হয়ে তাদের পেশাগত উন্নয়ন ও ন্যায্য অধিকার আদায়ের দাবি তুলেছেন। মাঠপর্যায়ের সেবা আরও কার্যকর ও পেশাদারভাবে পরিচালনার জন্য যে নিয়োগবিধি প্রণয়ন করা হয়েছিল, তার বাস্তবায়নের দাবি স্বাস্থব্যবস্থা উন্নয়নে সহায়ক হতে পারে। সংগঠিত কর্মসূচির মাধ্যমে দাবি জানানোয় আলোচনার সুযোগ রয়েছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—হালিমা আক্তার জিন্না, আহ্বায়ক, বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা এসোসিয়েশন; মুনা পারভিন, সদস্য সচিব, পরিবার পরিকল্পনা পরিদর্শক সমন্বয় কমিটি; এবং মো. সোহেল হোসেন, আহ্বায়ক,
পরিবার কল্যাণ সহকারী সমন্বয় কমিটি।
তারা অবিলম্বে প্রজ্ঞাপিত নিয়োগবিধি বাস্তবায়নে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।