প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 20, 2025 ইং
মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তৈয়ব আলীর পাশে মোংলা উপজেলা বিএনপি

শেখ তাইজুল ইসলাম
গতরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী এলাকার বাসিন্দা তৈয়ব আলীর বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আগুনে বসতঘরের সমস্ত মূল্যবান জিনিসপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।
গতকাল (বুধবার) দিবাগত রাত আনুমানিক ৯ টার দিকে বৈদ্যমারী গ্রামের তৈয়ব আলীর বাড়িতে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও, ততক্ষণে কাঠের তৈরি বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির সঠিক কারণ তদন্তাধীন রয়েছে।
অগ্নিকাণ্ডের সময় বাড়িতে থাকা তৈয়ব আলী ও তার পরিবারের সদস্যরা অক্ষত থাকলেও, তাদের সারাজীবনের সঞ্চয় মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেছে। তৈয়ব আলী সংবাদমাধ্যমকে জানান, "আমি সব হারিয়েছি, ঘরে থাকা ধান-চাল, নগদ যা টাকা ছিল, মেয়ের বিয়ের জন্য জমানো কিছু গয়না—সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই।"
আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার ও পৌর সাবেক মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা তারা ক্ষতিগ্রস্ত পরিবারটিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে নগত অর্থ এবং চাল ডাল তেল সহ অন্যান্য সামগ্রী সহায়তা প্রদান করেন এবং তার ঘর নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন ও দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। এই শীতের রাতে খোলা আকাশের নিচে থাকা পরিবারটির জন্য দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি জোর আবেদন জানিয়েছেন এলাকাবাসী।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।