প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2025 ইং
ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসাছাত্র তুহিনের মর্মান্তিক মৃত্যু

মোঃ আব্দুল্লাহ আল মামুন
টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় তুহিন ইসলাম (৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ঘাটাইল–সাগরদিঘী আঞ্চলিক সড়কের দেওপাড়া ইউনিয়নের মাকড়াই কুমারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন ইসলাম স্থানীয় ভ্যানচালক মো. শামীম মিয়ার ছেলে। সে মাকড়াই মদিনাতুল উলুম মাদরাসার প্লে শ্রেণীর শিক্ষার্থী ছিল। তুহিনের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তুহিন মায়ের হাত ধরে মাদরাসা থেকে বাড়ি ফিরছিল। মাকড়াই ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ সে মায়ের হাত ছেড়ে রাস্তার দিকে দৌড়ে যায়। এসময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজল খান জানান, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।