প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 13, 2025 ইং
নোয়াখালীতে নারীসহ আটকের ভিডিও ভাইরাল: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটকের দুদিন পর স্বেচ্ছাসেবক দল নেতা মো. নোমান বাবুকে (৩৩) সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগমগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক নোমান বাবু সংগঠনবিরোধী অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন—এমন সুনির্দিষ্ট প্রমাণ জেলা কমিটির হাতে এসেছে। এ কারণে তাকে পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে নোমান বাবু জানান, “আমাকে নারীসহ ফাঁসানো হয়েছে। যারা ফাঁসিয়েছে, তারাই বলবে আমি নির্দোষ।”
প্রসঙ্গত, গত রোববার রাত ১১টার দিকে উপজেলার ৮নং বেগমগঞ্জ ইউনিয়নের তফাদার গেইট এলাকার এক গৃহবধূর ঘরে অবস্থানকালে এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয় নেতারা গিয়ে তাকে উদ্ধার করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, “ভিডিও দেখে আমাদের মনে হয়েছে, এটি অসামাজিক কাজ। তাই সংগঠনের শৃঙ্খলা রক্ষায় তাকে বহিষ্কার করা হয়েছে।”
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।