
নাঈম ইকবাল।।
কুমিল্লার চৌদ্দগ্রামে দম্পতির অন্তরঙ্গ ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে সদ্য ঘোষিত বাতিসা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রানার বিরুদ্ধে।
ভুক্তভোগী তিশা প্লাটিনাম বাসের চালক রাইহান মজুমদার সোমবার চৌদ্দগ্রাম থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, গত ২০ জুলাই রাতে রাইহান নাঙ্গলকোটগামী পথে আটগ্রাম-শরিফপুর সড়কে ডলবা-পাটানন্দী মসজিদের সামনে রানা ও তার সহযোগীরা তার সিএনজি আটকিয়ে একটি পরিত্যক্ত মুরগির খামারে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে ২৫ ও ২৬ জুলাই একই স্থানে নিয়ে নির্যাতন চালিয়ে ২ লাখ টাকা দাবি করে এবং মোবাইলে থাকা স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ভিডিও প্রকাশের হুমকি দেয়।
এরপরও অজ্ঞাত নম্বর থেকে তার স্ত্রীকে ফোন করে এক লাখ টাকা না দিলে ভিডিও ফাঁসের হুমকি দেওয়া হয়। বিষয়টি রানার পরিবারের কাছে জানালে তার বাবা ও ভাই মোবাইল ফেরতের আশ্বাস দিলেও পরবর্তীতে ভুক্তভোগীকে নানা হুমকি দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রানা স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন এবং তার বিরুদ্ধে মারধর, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে।
বাতিসা ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম ভূঁইয়া বলেন, “অভিযোগের বিষয়টি শুনেছি, তবে কেউ তাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা করছে কিনা সেটিও দেখতে হবে।”
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”