
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা এলাকায় কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) রাত ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পায়েল ধনকুন্ডা এলাকার মো. শামীমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে শুক্রবার রাতে ধনকুন্ডা এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় পায়েল।
পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, “পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আব্দুল্লাহ খান পায়েল নামের এক কিশোর নিহত হয়েছে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পাশাপাশি স্থানীয়রাও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।