
গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরসহ আশপাশের এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাঁধ উন্নয়ন প্রকল্পের কারণে স্থানীয়দের মাঝে উচ্ছেদ সংক্রান্ত একটি নোটিশ ঘিরে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। তবে এই বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
এক বিবৃতিতে তিনি বলেন, “আপনাদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা হবে, ইনশাআল্লাহ। এই উন্নয়ন কাজ নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হন এবং কোনো প্ররোচনায় পড়ে উস্কানিমূলক কোনো কার্যক্রমে লিপ্ত না হন—এই ব্যাপারে সকলকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, এই উন্নয়ন কাজ যাতে জনস্বার্থের পরিপন্থী না হয়, সেদিকে নজর রাখা হবে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি সর্বদা সচেষ্ট থাকবেন এবং সমাধানে জন্য আমরা সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে পথ খুঁজে বের করবো।
স্থানীয় জনগণ উন্নয়নের প্রয়োজনীয়তা মেনে নিলেও, অনেকেই সরাসরি উচ্ছেদের আশঙ্কায় পড়েছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকেও স্পষ্ট ব্যাখ্যার দাবি উঠেছে।
এই বিবৃতি স্থানীয় জনসাধারণের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এনেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।