প্রিন্ট এর তারিখঃ Mar 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 22, 2025 ইং
রাজবাড়ীতে হত্যা মামলার শিশু আসামী গ্রেফতার

রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর মধ্যপাড়ায় নির্মমভাবে খুন হওয়া রুপল শেখ হত্যা মামলার এজাহারভুক্ত এক শিশুঅসামিকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা পুলিশ। বুধবার (২১ মে) ভোরে ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকা থেকে বোয়ালমারী থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আবির হোসেন ওরফে অন্তর বিশ্বাস। তিনি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত এবং হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
রাজবাড়ী জেলা পুলিশের সূত্রে জানা যায়, গত ১৬ মে বিকাল ৫টার দিকে নিহত মোঃ রুপল শেখ (২৭), পিতা-মোঃ জিন্নাহ শেখ, সাং-রাজাপুর মধ্যপাড়া, থানা ও জেলা-রাজবাড়ী, নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে মিথ্যা চুরির অভিযোগে শারীরিকভাবে আক্রমণ করা হয়। শিশুঅসামিসহ অন্যান্য অভিযুক্তরা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে রুপলের হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে আঘাত করে। এতে রুপল গুরুতর আহত হলে তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা রুপলকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় রাজবাড়ী সদর থানায় ১৭ মে একটি হত্যা মামলা (মামলা নং ২৯/২০২৫, ধারা ১১৪/৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়। এরপর থেকেই রাজবাড়ী জেলা পুলিশ আসামীদের গ্রেফতারে তৎপরতা শুরু করে।
পুলিশ সুপার রাজবাড়ীর সার্বিক নির্দেশনায় রাজবাড়ী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে অভিযান পরিচালনা করে। ইতোমধ্যে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সর্বশেষ তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে বুধবার ভোরে ফরিদপুর জেলার বোয়ালমারী এলাকা থেকে শিশুঅসামিকে গ্রেফতার করা হয়। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজবাড়ী জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, "ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকাজুড়ে টহল জোরদার করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"
এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা থাকলেও পুলিশের তৎপরতায় স্থানীয়রা এখন কিছুটা স্বস্তিতে রয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।