
এই সরল প্রশ্নটির মধ্যেই লুকিয়ে আছে বাংলা সংস্কৃতির এক গভীর আবেগ! এক কাপ ধোঁয়া ওঠা চা শুধু পানীয় নয়—এটি বাঙালির সাংস্কৃতিক ডিএনএ-এর অংশ! সকালের প্রথম চুমুক থেকে রাতের আড্ডা পর্যন্ত, দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।
ক্লান্তি দূর করতে, আড্ডা জমাতে কিংবা একাকিত্ব ভাগ করে নিতে চায়ের জুড়ি নেই। বিশ্বের বিভিন্ন প্রান্তে চা পান করার রীতি ভিন্ন, কিন্তু এর মোহময়ী আকর্ষণ সর্বত্রই এক।
চায়ের ইতিহাস নিয়ে আলোচনা করলে প্রথমেই চলে আসে চীনের নাম। প্রায় পাঁচ হাজার বছর আগে চীনে প্রথম চায়ের ব্যবহার শুরু হয়। বলা হয়ে থাকে, একদিন সম্রাট শেন নুং গরম পানিতে কিছু পাতা পড়ে যেতে দেখেন। সেই পাতার সুগন্ধ তাকে আকৃষ্ট করে এবং তিনি এটি পান করে এর স্বাদে মুগ্ধ হন। এভাবেই শুরু হয় চায়ের যাত্রা। কালের পরিক্রমায় চা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন সংস্কৃতির অংশ হয়ে ওঠে।
চায়ের ধরনও যেমন বৈচিত্র্যময়, তেমনি এর স্বাদ ও গুণাগুণও ভিন্ন। কালো চা বা ব্ল্যাক টি তার গাঢ় স্বাদ ও সতেজতা দানের জন্য সবার কাছে প্রিয়। অন্যদিকে, গ্রিন টি বা সবুজ চা তার অ্যান্টিঅক্সিডেন্ট গুণের জন্য স্বাস্থ্য সচেতন মানুষের প্রথম পছন্দ। ওলোং টি একটু ভিন্ন, এটি আংশিকভাবে ফার্মেন্টেড হওয়ায় এর স্বাদে থাকে এক অনন্য মাত্রা। আর হরবাল টি বা ভেষজ চা ক্যাফেইনমুক্ত হওয়ায় যেকোনো সময় পান করা যায়।
চা তৈরির পদ্ধতিও কম গুরুত্বপূর্ণ নয়। সঠিক তাপমাত্রায় পানি গরম করা, সঠিক সময় চা পাতা ডুবিয়ে রাখা এবং প্রয়োজনমতো দুধ ও চিনি মেশানো—এসবই চায়ের স্বাদকে পরিপূর্ণ করে তোলে।
চায়ের স্বাস্থ্য উপকারিতাও অনেক। এটি হৃদরোগের ঝুঁকি কমায়, মস্তিষ্ককে সতেজ রাখে এবং হজমশক্তি বাড়ায়। আদা চা গলা ব্যথা ও সর্দি-কাশিতে দারুণ কাজ করে। আবার গ্রিন টি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
বাংলাদেশে চায়ের রয়েছে আলাদা এক সংস্কৃতি। সকালের নাস্তায়, অফিসের বিরতিতে কিংবা বন্ধুদের আড্ডায় চা ছাড়া যেন চলেই না।
এক কাপ চা শুধু তৃষ্ণা নিবারণ করে না, বরং এটি আমাদের দেয় এক মুহূর্তের প্রশান্তি। তাই ব্যস্ত জীবনের মাঝেও একটু সময় বের করে গরম চায়ের কাপে চুমুক দিতে ভুলবেন না। কারণ, জীবনের ছোট ছোট আনন্দই তো আমাদের এগিয়ে নিয়ে যায়!
বিশ্ব চা দিবস উপলক্ষে মায়মুনা হোসেন মুমু বলেন, "বিশ্ব চা দিবসে সবার আগে স্মরণ করছি যে মানুষ টা 'দুধ চা' আবিষ্কার করেছিলো! তিনি চা আবিষ্কার না করলে কি যে হতো!
আমাদের জীবনে চা এর অবদান অনস্বীকার্য! চা খেতে না পারলে জীবনের সব অশান্তি,চা খেতে পারলেই দুনিয়ার সব শান্তি!
চা খোর মানুষ জন জোস,ভালো চা বানাতে পারা মানুষজন আরো জোস।
চা খোর মানুষদের কাছে সবচেয়ে সুন্দর প্রপোজ হচ্ছে 'এই চা খাবা?' এই প্রপোজ তারা ফিরাইতে পারবেনা!
এদের সাথে আপনি নামি-দামি রেস্টুরেন্টে আড্ডা দিতে পারবেন আবার টং দোকানেও আড্ডা দিতে পারবেন। এরা অন্য একজন চা খোর মানুষ কে খুব সহজেই আপন করে নিতে পারে!
পরিশেষে বলতে চাই চায়ের চেয়ে বড় নেশা আর নাই৷ চা জোস। চা বানাতে পারা মানুষজন জোস! চা খাওয়া প্রত্যেকটা মানুষ জোস।"
মাভাবিপ্রবি এর অর্থনীতি বিভাগের এক চা প্রেমী শিক্ষার্থী তাওহিদা মিম বলেন, “আমার নিত্যজীবনে চায়ের আড্ডা একটা অমলিন অধ্যায়। সারাদিনের ব্যস্ততার ফাঁকে বা দিনশেষে ক্লান্ত শরীরে এক কাপ চা যেন এক প্রশান্তির প্রতিচ্ছবি। আর চায়ের সাথে যদি থাকে কিছু পরিচিত মুখ তাহলে তো কথাই নাই- এক কাপ ধোঁয়া উঠা চা আর বন্ধু মানেই হাসি-আনন্দ, পুরনো গল্প, নতুন স্বপ্ন আরও না বলা কত কথা। এই আড্ডার কোন নির্দিষ্ট বিষয় থাকে না। চায়ের কাপে চুমুক দিতে দিতে শুরু হয় পড়াশোনা থেকে প্রেম, সাহিত্য থেকে রাজনীতি-সবকিছু নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক আবার কখনো বা তৈরি হয় এক নিঃশব্দ উপলব্ধির মূহুর্ত।"