প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ ফখরুল মোস্তফা
নোয়াখালী সুবর্ণর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৯নং ওয়ার্ড নোয়াপাড়া গ্রামের কামাল বাজার সংলগ্ন আব্দুল আলীর পুত্র জহির ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, জহিরের ভাই ও পিতার মামলা তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ধর্ষণের শিকার ভুক্তভোগী এক নারী। একইসঙ্গে বিচার না পেলে আত্মহননের পথ বেছে নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না বলেও জানান ভুক্তভোগী ওই নারী।
বৃহস্পতিবার (১৫জানুয়ারি) দুপুরে সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ভুক্তভোগী ওই নারী সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে ইয়ানুর বেগম বলেন, জহিরের সাথে আমার চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো, বিয়ের প্রলোভন দেখিয়ে জহির আমার সাথে একাধিকবার শারিরীক সম্পর্ক গড়ে তোলে, বিভিন্ন সময় ব্যবসার কথা বলে নগদ চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ আত্মসাৎ করে, এরপর থেকে জহির আমাকে ভয়-ভীতি দেখান এবং কাউকে এ ঘটনা বললে আমাকে মেরে ফেলবেন বলে হুমকি দেন।
পরে আত্মীয়-স্বজনদের পরামর্শে চরজব্বার থানায় জহিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করি। মামলা করার পর তার লোকজন আমাকে মেরে ফেলার জন্য ভয়-ভীতি দেখিয়ে আসছেন এবং মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন।
আমি ভয়ে নানা জায়গায় আত্মগোপন করে আছি। জহির বর্তমানে নোয়াখালী জেলা কারাগারে রয়েছে।
তিনি আরো জানান, জহির ইসলামের লোকজনের ভয়ে আমার বৃদ্ধ মা-বাবা ও পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েছেন। তার লোকজন প্রভাব বিস্তার করে আমার দায়ের করা মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছেন,আমি জহিরের স্ত্রী হিসেবে স্বীকৃতি চাই, এজন্য প্রশাসনের সু দৃষ্টি আকর্ষণ করছি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।