
গলাচিপায় হাসপাতাল রোডের নিজের দোকান থেকে খোকন দাস (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার হাসপাতাল রোডের দাসবাড়ি এলাকায়। স্থানীয়দের ভাষ্য মতে, সদা হাস্যোজ্জ্বল ও পরিশ্রমী খোকন দীর্ঘদিন ধরে ঐ এলাকায় একটি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন।
২০শে মে মঙ্গলবার সারাদিন নিখোঁজ থাকার পর রাত আনুমানিক ১১টার দিকে খোকনের চাচাতো ভাই গোপাল দাস দোকানের শাটার খোলা দেখতে পেয়ে সন্দেহবশত ভেতরে প্রবেশ করেন এবং সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় খোকনের নিথর দেহ দেখতে পান। মুহূর্তেই ঘটনাটি ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়, নেমে আসে শোকের ছায়া।
খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। প্রয়োজনে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন কর্তব্যরত কর্মকর্তা।
পরিবার ও স্থানীয়দের মতে, খোকনের মধ্যে আত্মহননের মতো কোনো পূর্বাভাস ছিল না। তিনি ছিলেন শান্ত স্বভাবের, ভদ্র এবং সহানুভূতিশীল একজন মানুষ। তাই তার এই অকাল মৃত্যু সবাইকে হতবাক করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য আইনানুগ সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।